দক্ষিণ সুরমা গড়াইয়ার হাওরে কৃষি জমি কেটে মাটি নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৮:৫৮:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমায় দুর্বৃত্ত কর্তৃক কৃষি জমিকে পুকুর বানিয়ে মাটি নেয়ার অভিযোগ উঠছে। এতে পরিবেশের ভারসাম্য বিনষ্টের পামাপাশি আশপাশের কৃষি জমি হুমকীর মূখে পড়ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবী জানিয়েছেন তারা।
জানা গেছে, দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি সুনামপুরের এক কিলোমিটার পশ্চিমে ও গোয়াল গাঁও-লতিপুর রাস্তার পূর্বদিকে গড়াইয়ার হাওরের কৃষি জমিকে এক্সেভেটর দিয়ে গভীর পুকুর বানিয়ে রাতের আঁধারে মাটি নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানা ওসি বরাবরে আবেদন করেও লাভ হয়নি।
জমির মালিকবৃন্দের অভিযোগ- কৃষি জমিকে পুকুর বানানোর আইনত কোন বিধান নেই। সরকার যেখানে পতিত জমি কৃষির আওতায় আনছে। সেখানে কৃষি জমিকে বিনষ্ট করে পুকুর বানানো দণ্ডনীয় অপরাধ। শুধু তাই নয়, মালিক পক্ষের অগোচরে তাদের জমি থেকে মাটি চুরি করে নেয়ায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে কিছু জমির মালিক প্রফেসর অহিদুর রব বলেন, গত মার্চ মাসে শেষের দিকে বরইকান্দি নিয়ামতপুরের বিখ্যাত মৌলভী জাবিদ উল্লাহ পীর সাহেবের ওয়াকফ এস্টেট এর মৌজা বরইকান্দি, জে এল নং ১১৬, বিএস নং-০৬, খতিয়ান এস এ ৪২৮, বিএস ৫৮৯, দাগ নং-এস এ ৪৪৭, বিএস ১৩০৪, মোট ৪২ শতক শাইল জমির অর্ধেকটা ১০/১২ ফুট গভীর গর্ত করে মাটি নিয়ে যায়। কিছু দিন বন্ধ থাকার পর গত তিন রাত থেকে আবার অবশিষ্ট অংশ খুঁড়ে মাটি নিয়ে যাচ্ছে ঐ দুর্বৃত্তরা। এব্যাপারে দক্ষিণ সুরমার এসি ল্যান্ড ও দক্ষিণ সুরমা থানার ওসির কঠোর ও কার্যকর পদক্ষেপের দাবী জানান তিনি।





