সিলেটে দেশের অর্ধেকেরও বেশি গ্যাস মজুদ
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৯:১৩:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশে ২৬টি গ্যাসফিল্ডের আওতায় বর্তমানে মোট ১০ হাজার ৭৬ বিলিয়ন (১০ লাখ ৭ হাজার ৬০০ কোটি) ঘনফুট মজুদ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মজুদ রয়েছে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডের (এসজিএফসিএল) আওতাধীন ৫টি গ্যাস ক্ষেত্রে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের হালনাগাদ প্রতিবদেনে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সিলেট গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডের আওতাধীন ৫টি গ্যাস ক্ষেত্রে হচ্ছে হরিপুর গ্যাস ফিল্ড, কৈলাশটিলা গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। এসব গ্যাসফিল্ডে মজুদ রয়েছে ৫ হাজার ১৯৭ বিলিয়ন (৫ লাখ ১৯ হাজার ৭০০ কোটি) ঘনফুট গ্যাস। যা দেশের শতকরা ৫১ শতাংশ গ্যাস মজুদ রয়েছে এসব গ্যাস ফিল্ডে।
প্রতিবেদন অনুযায়ী, সিলেট গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডের এই ৫টি ছাড়াও বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডের ১ হাজার ১২৬ বিলিয়ন ঘনফুট, বাপেক্সের ২ হাজার ৪২০ বিলিয়ন (শাহবাজপুর ও ভোলা নর্থসহ), শেভরনের ৪৭৬ বিলিয়ন ও তাল্লোর ৮৪ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে।
হালনাগাদ তথ্যনুযায়ী, স্থানীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস যুক্ত হচ্ছে প্রায় ২ হাজার ২০০ মিলিয়ন (২২০ কোটি) ঘনফুট। এর মধ্যে ১ হাজার ৩০০ মিলিয়ন (১৩০ কোটি) ঘনফুটের কিছু বেশি সরবরাহ হচ্ছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন পরিচালিত গ্যাসক্ষেত্র থেকে, যা মোট স্থানীয় সরবরাহের ৬০ শতাংশের বেশি। বহুজাতিক কোম্পানিটি পরিচালিত তিনটি গ্যাসক্ষেত্রে এখন মজুদ নেমে এসেছে ৪৭৬ বিলিয়ন (৪৭ হাজার ৬০০ কোটি) ঘনফুটে।
পেট্রোবাংলার দৈনিক গ্যাস উত্তোলন প্রতিবেদন তথ্য বিশ্লেষণে দেখা গেছে, কম মজুদ নিয়েও উত্তোলনের শীর্ষে রয়েছে শেভরন। কোম্পানিটি দৈনিক ১৩২ কোটি ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করছে। আর সবচেয়ে বেশি গ্যাস মজুদ নিয়ে কম গ্যাস উত্তোলন করছে এসজিএফসিএল। সংস্থাটির দৈনিক উৎপাদন ৯ কোটি ৪০ লাখ ঘনফুটের মতো। স্থানীয় গ্যাস উত্তোলন কোম্পানিগুলোর মধ্যেও সবচেয়ে কম উত্তোলন করছে এসজিএফসিএল।
এসজিএফসিএল সূত্রে জানা গেছে, রশিদপুর, কৈলাসটিলা ও হরিপুর গ্যাসফিল্ডে কূপ খনন ও ওয়ার্কওভারের কাজ শুরু হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে এসজিএফসিএলের ফিল্ড থেকে আরো ৫-৬ কোটি ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
দেশের গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কাজ করছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাপেক্স। সংস্থাটির আওতায় থাকা গ্যাসক্ষেত্রগুলো থেকে দৈনিক সরবরাহ আসছে ১৮ কোটি ঘনফুট গ্যাস। যদিও সংস্থাটির মজুদ রয়েছে প্রায় আড়াই লাখ কোটি ঘনফুটের মতো। আগামীতে গ্যাসের উত্তোলন ও মজুদ বাড়াতে এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে সংস্থাটি।





