ধলাইয়ে মোবাইল কোর্টের অভিযানে ১২ জনের দন্ড
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৬:১৩:১৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। এসময় বালু পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ২ জনের বয়স কম হওয়ায় অন্য ১২ জনকে জেল দেওয়া হয়েছে। তাছাড়া বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত ২৩টি নৌকা ধ্বংস করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ অভিযান। পরদিন মঙ্গলবার তাদের ১১ জনকে ৪ মাস ও একজনকে ১ বছরের জেল দেওয়া হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম, উপজেলা প্রশাসনের সিএ মিজানুল কবির, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা।
অভিযানে ধলাই সেতু ও বাংকার এলাকা থেকে বালু পাথর উত্তোলনে জড়িত থাকায় ৪ মাসের সাজাপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ তাওহিদ আলি (২৯), আহমদ আলী (৪০), আবু বক্কর আবু (২৫), আবুল মিয়া (২২), মো. জুলু মিয়া (৫০), মো. নঈম উদ্দিন (৬০), মো. বাসির মিয়া, মো. মজুর আলী, আব্দুর নূর (২২), বিজয় বিশ্বাস (২৩) ও হিরা মিয়া। এছাড়া পাথর বহনকারী একটি গাড়ির ড্রাইভার মো. সুমন মিয়া (৩২)কে ১ বছরের জেল দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, ধলাই সেতু ও বাংকার এলাকা থেকে বালু পাথর উত্তোলন বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। সোমবার সকালে হঠাৎ করে খবর পেলাম কিছু লোক ধলাই সেতু ও বাংকার এলাকা থেকে বালু পাথর উত্তোলন করছে। সাথে সাথে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে দুষ্কৃতকারীদের ধরে জেল দেওয়া হয়েছে।





