এয়ারপোর্ট রোডে কার-ট্রাক সংঘর্ষে যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৮:২৩:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭ টার দিকে সিলেট নগরীর এয়াপোর্ট সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের যাত্রী মাহফুজ মিয়া (২২) কে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মাহফুজ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার চেচিশেউড়া গ্রামের বকুল মিয়ার ছেলে। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। দুজন সিলেটের একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধিন ও ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, প্রাইভেট কারটি যাত্রীদের নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি সিলেট নগরীরর দিকে আসার পথে মালনিছড়া চা বাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়েন যাত্রীরা। এতে কারের একজন যাত্রী নিহত হন ও কারের বাকী ৪ জন এবং ট্রাকের ড্রাইভার হেল্পারসহ ৬ জন আহত হন। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।





