‘এ’ ক্যাটাগরিতে সিলেট বিভাগের ৪ সরকারি কলেজ
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৮:২৯:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশের সরকারি কলেজগুলোর মান উন্নয়ন ও শ্রেণিবিন্যাস নিশ্চিত করতে ৪টি ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা এই প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশে মোট সরকারি কলেজের সংখ্যা ৭০৮টি। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে ৮১টি কলেজ। এই ক্যাটাগরির কলেজগুলোতে শিক্ষার্থীসংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্সের বিষয় ১০টিরও বেশি। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে ৭৪টি কলেজ, যেখানে শিক্ষার্থী সংখ্যা সাড়ে ৪ থেকে ৮ হাজার এবং অনার্সের বিষয় ৫টির বেশি। এর মধ্যে ‘সি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে ৪৪৬ টি কলেজ। এই ক্যাটাগরির কলেজগুলোতে শিক্ষার্থীসংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি। এছাড়া শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যেসব কলেজে পড়ানো হয়, এমন কলেজ স্থান পেয়েছে ডি ক্যাটাগরিতে। দেশে এমন কলেজের সংখ্যা ১০৭টি।
প্রজ্ঞাপন অনুযায়ী, এ ক্যাটাগরির কলেজে ৮ নম্বর স্থানে রয়েছে সিলেটের সরকারি মুরারি চাঁদ (এমসি)কলেজ। এছাড়া তালিকায় হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ ১৭, মৌলভীবাজার সরকারি কলেজ ৩৮ ও সুনামগঞ্জ সরকারি কলেজ ৫৯ নম্বরে রয়েছে।
এ ক্যাটাগরিতে থাকা দেশের অন্য ৭৭টি কলেজ হচ্ছে, ঢাকা কলেজ, চট্টগ্রাম কলেজ, ইডেন মহিলা কলেজ, রাজশাহী কলেজ, চট্টগ্রামের সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ, ঢাকার কবি নজরুল সরকারি কলেজ, বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, খুলনার সরকারি ব্রজলাল কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, ফেনী সরকারি কলেজ, ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, যশোরের সরকারি মাইকেল মধুসুদন কলেজ, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, মাদারীপুর সরকারি কলেজ, নরসিংদী সরকারি কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ, নীলফামারী সরকারি কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র কলেজ, রাজবাড়ী সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, ঢাকার সরকারি বাঙলা কলেজ, ভোলা সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, রংপুর সরকারি কলেজ, শেরপুর সরকারি কলেজ, বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ, ঢাকার সরকারি তিতুমীর কলেজ, নওগাঁ সরকারি কলেজ, বাগেরহাটের সরকারি পিসি কলেজ, মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, নোয়াখালীর চৌমুহনী সালেহ আহমেদ কলেজ, ঢাকার বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, গোপালগঞ্জ সরকারি কলেজ, নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ, পরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ, ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, রাঙ্গামাটি সরকারি কলেজ, রাজশাহীর নিউ গভঃ ডিগ্রী কলেজ, যশোর সরকারি সিটি কলেজ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, নরসিংদীর সরকারি শহীদ আসাদ কলেজ, গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ, শরীয়তপুর সরকারি কলেজ, ঢাকার লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, ঢাকার সাভার সরকারি কলেজ ও লালমনিরহাটের সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ।
এছাড়া বি ক্যটাগরিতে সিলেট বিভাগের আরও ৮টি কলেজ স্থান পেয়েছে। কলেজগুলো হচ্ছে, সিলেট সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, সিলেট সরকারি কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ, বিয়ানীবাজার সরকারি কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ও মদন মোহন সরকারি কলেজ।




