মালয়েশিয়ায় পৌঁছালেন আটকে থাকা বাংলাদেশি কর্মীরা
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৭:১৬:২০ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: দীর্ঘ অনিশ্চয়তা ও অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়ায় পৌঁছেছেন আটকে থাকা বাংলাদেশি কর্মীরা। মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মোট ৬০ জন কর্মী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। মধ্যরাতে বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানাতে হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকা ও লেবার কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম।
হাইকমিশনার জানান, মালয়েশিয়া সরকারের নিয়োগ অনুমোদন (কলিং ভিসা) থাকা সত্ত্বেও বিভিন্ন জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সহায়তায় বাংলাদেশ সরকার বিশেষ উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে প্রথম দফায় কর্মীদের একটি অংশ মালয়েশিয়ায় পৌঁছেছে। তবে আগত ৬০ জন কর্মীর মধ্যে একজনকে ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মীর কাগজপত্রে অসঙ্গতি থাকায় তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
এ সময় নিয়োগদাতা প্রতিষ্ঠান কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বেরহাদ (ক্লাব)-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। হাইকমিশনার জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে দুই দেশের সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে কাজ করছে।
আগামী সপ্তাহগুলোতে পর্যায়ক্রমে আরও কর্মী মালয়েশিয়ায় আসবেন বলে হাইকমিশন সূত্রে জানা গেছে। নতুন নিয়োগপ্রাপ্ত ও আটকে থাকা কর্মীদের দ্রুত কর্মস্থলে পৌঁছে দিতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।





