দোয়ারায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৭:২৪:০৯ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বুধবার শোভাযাত্রা, আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকালে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.এস এম এমদাদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন।
অন্যান্যের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাওলানা সিদ্দিকুর রহমান, উদ্যোক্তা ও খামারীদের মধ্যে নুর উদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.মো:আবু হেনা মোস্তফা।
এ উপলক্ষে হাসপাতাল চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ২৫ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।





