গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৭:৫৭:১৭ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন র্যালি ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১১টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় গোয়াইনঘাট বিয়াম ল্যাবটেরী স্কুল মাঠে প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী মেলা উদ্বোধন করেন ইউএনও রতন কুমার।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটি বিভিন্ন ধরনের স্টলে খামারিদের নিজস্ব চিন্তা চেতনায় নানা পদ্ধতির কৌশল প্রদর্শনের সুযোগ করে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. হাসিব আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ সহকারী প্রকৌশলী মো. ইউনুছ আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উত্তম কুমার রায়, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমুখ। সভা পূর্বে ইউএনও এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। প্রদর্শনীতে সাতটি ক্যাটাগরীতে মোট ২১ টি স্টলকে পুরস্কার ও সনদ দেয়া হবে জানান মেলা কর্তৃপক্ষ।





