অভ্যূত্থানে খোয়া যাওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৮:৪১:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থেকে একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের মোল্লাগাঁও খিদিরপুর এলাকার একটি এলপিজি ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী পরিত্যক্ত ঘর থেকে সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়। বুধবার (২৬ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
তিনি জানান, প্রাথমিক পর্যালোচনায় এটি গত বছরের জুলাই মাসে ‘বিপ্লব চলাকালীন’ সিলেট এলাকার একটি থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড বলে ধারণা করা হচ্ছে। গ্রেনেডটি সাধারণত দাঙ্গা বা রায়ট নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে থাকে। জব্দকৃত গ্রেনেডটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ সুরমা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হলেও র্যাব ও পুলিশ বলছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।





