রাজনৈতিক পরিচয়ে মার্কেটের সামনে মাস্তানি, আড্ডাবাজি করার দিন শেষ: খন্দকার মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৬:০৭:২৪ অপরাহ্ন

রাজনৈতিক পরিচয়ে মার্কেটের সামনে মাস্তানি, আড্ডাবাজি করার দিন শেষ। রাস্তায় মোটরসাইকেল মহড়া দিয়ে জনসাধারণকে ভোগান্তি দেয়া যাবে না। কেউ এমন করলে সে যেই দলের হোক কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ব্যবসায়ীরা নির্দ্বিধায় শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করবেন। এক্ষেত্রে সারাদেশের মধ্যে সিলেটে একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে যা ইতিহাস হয়ে থাকবে।
বৃহস্পতিবার সিলেট মহানগরের জিন্দাবাজারের আলহামরা শপিং সিটি, মহিলা কলেজ রোড, মোতালেব ভিলা, শ্যামলী, নিউ শ্যামলী মার্কেটসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
নির্বাচনী প্রচার প্রচারণার ধারাবহিকতায় সকালে ১১টা থেকে বাদ জোহর পর্যন্ত জিন্দাবাজারের এসব এলাকার ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির। এসময় আলহামরা শপিং সিটির ব্যবসায়ী সমিতি ও শ্যামলী এবং নিউ শ্যামলী মার্কেটের ব্যবসায়ীদের সাথে পৃথক দুটি মতবিনিময়ে সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আরও বলেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিল ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটত। বিএনপি ব্যবসায়ীবান্ধব সরকার। আবারও বিএনপি ক্ষমতায় গেলে দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধন করা হবে।
জিন্দাবাজার এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন, মেট্রোপলিটন চেম্বারের ট্রেজারার ও পরিচালক মো. জহির হোসেন তুহিন, সিলেট চেম্বারের সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ, আল হামরা ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল ইসলাম, সিলেট প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজির উদ্দিন, শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুজ্জামান, ব্যবসায়ী আব্দুল কাদির জাবেদ প্রমুখ।
এছাড়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, প্রবীন মুরব্বি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা মাসুম ইবনে রাজ্জাক রুমেল, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ। বিজ্ঞপ্তি





