বিয়ানীবাজারে পিকআপ চাপায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৭:১৩:১৪ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে বেপরোয়া পিকআপের চাপায় তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার-সারপার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জিয়াছমিন আক্তার (৩) মুড়িয়া ইউপির সারোপার গ্রামের দিনমজুর আব্দুল করিমের কন্যা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অসাবধানতা ও বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ বিয়ানীবাজার-সারোপার সড়কে আচমকা শিশুটিকে ধাক্কা দিলে সে গাড়ির নিচে পিষ্ট হয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘটনাকারি পিকআপ ও তার চালককে আটক করেন। চালকের দাবী তিনি স্বাভাবিক গাড়ি চালাচ্ছিলেন, খেলার ছলে শিশুটি গাড়ি পিছনের চাকায় পিষ্ট হয়। বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী জানান, আমরা ঘটনা শুনেছি, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।





