নির্বাচিত হলে দিরাই-শাল্লায় প্রতিমাসে গণপার্লামেন্ট করবো: শিশির মনির
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৬:৩৩:৩৩ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এডভোকেট শিশির মনির বলেছন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি এমপি নির্বাচিত হই তাহলে আমার নির্বাচনী আসন দিরাই-শাল্লায় প্রতিমাসে গণপার্লামেন্ট করবো। যাতে ইউওনও-ওসিসহ সকল কর্মকর্তাদের নিয়ে আমরা জনগণের মুখোমুখি করতে পারি। আমিও জনগণের মুখোমুখি হবো। তাদের কি সমস্যা আছে আমরা শুনব। আমরা ভুল করলে কোন কাজে ঘাটতি থাকলে দু:খ প্রকাশ করবো। সোজা কথা আমরা সিস্টেম পরিবর্তন করতে চাই। এই সিস্টেমের কারণেই আমাদের দেশে ভালো মানুষও খারাপ হয়ে যাচ্ছে। সিস্টেম ভালো হলে অসৎ মানুষও অপেক্ষাকৃত ভালো হতে বাধ্য।
তিনি বৃহস্পতিবার শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে সুনামগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ-৪ নির্বাচনী আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট শামস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান।
অ্যাডভোকেট শিশির মনির আরও বলেন, আমি জীবনে একবারই নির্বাচন করব। আমি চাইনা এক পদ একজন বারবার ব্যবহার করুক। এতে গতিশীল নেতৃত্ব তৈরি হয়না। আমি চাই পরবর্তী প্রজন্মের লোকজন এসে হাল ধরুক। তিনি বলেন, দিরাই-শাল্লার উন্নয়নে আমার অনেক পরিকল্পনা রয়েছে। এখানের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করবো। আমার পরিচিত বুয়েটের একজন বড় ইঞ্জিনিয়ারকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দিরাই শাল্লায় আসার জন্য। তিনি এসে দেখবেন কিভাবে কি করা যায়। তবে সড়কের চেয়ে উড়াল সড়কের ব্যয় কম হবে।
শিশির মনির বলেন, সামনে নির্বাচনে এআই নিয়ে নির্বাচন কমিশনকে বড় চ্যালেঞ্জে পড়তে হবে। এআইয়ের ব্যবহারের কারণে অনেক প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। ভালো মানুষকে খারাপ বানানো হবে। একজনের ছবি দিয়ে আরেকজনের ভয়েস লাগিয়ে বিভ্রান্ত করা হবে। আগামী নির্বাচনে এআই একটা ভয়ংকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন কাজ করছে। তিনি সাংবাদিকদের যাচাই বাছাই করে নিউজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ ও জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ প্রমুখ।





