জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৬:৪৪:২০ অপরাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, বিচার বিলম্বিত হলে ন্যায় বিচার ক্ষুন্ন হয়। এ দেশ থেকে এটি দূর করতে হলে সবাই মিলে একযোগে কাজ করতে হবে। সিলেট জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী বার এসোসিয়েশন। তার একটি স্বকীয় ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য এবং সুনাম অক্ষুন্ন রাখার দায়িত্ব আইনজীবী সমিতির সদস্যগণের। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার এবং বার ও বেঞ্চের সুসম্পর্ক সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক-১ জনাব মোঃ অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম সম্পাদক-২ মো. রব নেওয়াজ রানা অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মো. আব্দুর রহমান চৌধুরী এবং পবিত্র গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জোবায়ের বখ্ত জুবের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের।
এছাড়াও এসএসসি ও এইচএসসি ২০২৫ সনের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সমিতির সদস্যদের ৫০ জন মেধাবী সন্তানকে এককালিন বৃত্তি ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি





