সিলেট-৬ হবে দেশের মধ্যে মডেল আসন : অ্যাড. এমরান
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৭:২৫:২৮ অপরাহ্ন

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আমাকে আপনাদের খাদেম হিসেবে মহান জাতীয় সংসদে পাঠালে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে অনন্য মডেল দুই উপজেলা হিসেবে গড়ে তুলবো। প্রতিটি এলাকায় গিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে একে একে সমাধান করবো। স্থানীয় উন্নয়নে দল-মত নির্বিশেষে সবার মতামত নেওয়া হবে। আপনারা শুধু আমার পাশে থাকবেন। বৃহস্পতি ও শুক্রবার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
এদিকে, শুক্রবার বাদ জুমআ’ এমরান আহমদ চৌধুরীকে বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের আদিনাবাদ এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, নির্বাচিত হলে উন্নয়নের জন্য কাউকে আমার কাছে ধর্ণা দিতে হবে না, আমি-ই খুঁজে খুঁজে উন্নয়নবঞ্চিত এলাকা বের করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রকল্প অনুমোদন করাবো। শুধু ধানের শীষকে বিজয়ী করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।
চারখাই ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাহার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল আহাদ রুবেল ও সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান আলমগীরের যৌথ পরিচালনায় আদিনাবাদ মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী আমিরুজ্জামান চৌধুরী দুলু, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সাবেক সহ-সভাপতি শরীফ আহমদ লস্কর, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন সুহেল, সিলেট জেলা জাসাসের সিনিয়র যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন রানু ও মহানগর বিএনপি নেতা আকবর হোসেন কয়ছর।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টায় গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি





