কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলনে ৫ জনকে দন্ড
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৮:২২:৪৪ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্ব এবং জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম ও এসআই উমর ফারুকসহ সঙ্গীয় পুলিশদল জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জামালগঞ্জ উপজেলার জনুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলাল উদ্দিন (৩১) ও ধর্মপাশা উপজেলার শরিয়তপুর গ্রামের মাজু মিয়ার ছেলে নবী হোসেনকে (৩০) ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এছাড়া ধর্মপাশা উপজেলার সরিষাকান্দি ইসলামপুর গ্রামের জুলহাস মিয়ার ছেলে মনির হোসেন (২৫), একই উপজেলার শান্তিপুর গ্রামের আজিদ মিয়ার ছেলে মো. দিদার মিয়া (২৯) ও কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামের সের আলী মিয়ার ছেলে নজরুল ইসলামকে (২৭) ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামীদের পুলিশ প্রহরায় সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।





