বিভাজন ভূলে জাতীয় ঐক্যের আহবান : ডা: শফিক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৮:৩৬:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ২০২৬, ২০২৭ এবং ২০২৮-এ তিন বছরের জন্য জামায়াতে ইসলামীর আমীর হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ কার্যক্রম পরিচালনা করেন দলের অভ্যন্তরীণ নির্বাচন কমিশনের প্রধান এটিএম মা’ছুম। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে বক্তব্য দেয়ার সময় জামায়াত আমীর বলেন, রাজনীতিতে বিভাজন, মেজরিটি-মাইনরিটির সংঘাত ও বিদ্বেষ থেকে বেরিয়ে এসে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।তিনি অভিযোগ করে বলেন, দুর্নীতি আর দুঃশাসনের কারণে জনগণ গত ১৫ বছর সুফল পায়নি। আলেম সমাজসহ প্রায় সব রাজনৈতিক দলই ছিল মজলুম। এমনকি অনেকের জন্য জেলখানাই ছিল প্রথম আশ্রয়স্থল। তিনি আরও বলেন, বাংলাদেশ রাজনীতির দীর্ঘ দিনের কালো ছায়া থেকে বেরিয়ে এসেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তৃতীয় মেয়াদে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াত। দলের ইতিহাসে এর আগে টানা তিনবার আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামী।
জামায়াতে ইসলামী দলের গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমীর নির্বাচন করা হয়। নির্বাচিত আমীরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করতে হয়।
ডা. শফিকুর রহমানের জন্ম ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তার বাবা মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মা মরহুমা খাতিরুন নেছা। শিক্ষাজীবনে তিনি ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
রাজনীতির শুরুতে তিনি জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন (১৯৭৩)। পরবর্তীতে ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং সিলেট মেডিকেল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর তিনি সিলেট শহর, জেলা ও মহানগর আমীরের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে দলের সেক্রেটারি জেনারেল এবং ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবারের মতো আমীর নির্বাচিত হন। ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে এবং এবার তৃতীয়বারের মতো দলের শীর্ষ নেতৃত্বে এলেন তিনি।





