মুক্তি পাচ্ছেন আরব আমিরাতে আটক আরও ২৪ বন্দী
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৮:৫১:০০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : শিগগির মুক্তি পাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার দায়ে সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দী আরও ২৪ জন প্রবাসী। গতকাল শুক্রবার আইন বিচার এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ পোস্টে এ তথ্য জানান ।
ড. আসিফ নজরুল বলেন, আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যর মুখ দেখেছে। আরব আমীরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দী অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেয়া হচ্ছে। তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমীরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এর আগে প্রাথমিকভাবে বন্দী ১৮৮ জনের সবাইকে গত বছর সেপ্টেম্বরে মুক্তি দেয়া হয়েছিল প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের কারণে।





