অবশেষে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া পুণনির্ধারণ
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৮:৫৭:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে অবশেষে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার মুখে ভাড়া পুণর্নিধারণ করেছে বিমান কর্তৃপক্ষ।শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে দৈনিক জালালাবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
এদিকে জেলা প্রশাসন কার্যালয়ের মিডিয়া সেল থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন ভাড়া কাঠামো অনুযায়ী—
সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া ২,০২৪ (দুই হাজার চব্বিশ) টাকা ট্যাক্সসহ মোট: ৩,১৯৯ (তিন হাজার একশত নিরানব্বই) টাকা।সর্বোচ্চ ভাড়া ৭,০২৪ (সাত হাজার চব্বিশ) টাকা ট্যাক্সসহ মোট: ৮,১৯৯ (আট হাজার একশত নিরানব্বই) টাকা পুণনির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, সিলেট-ঢাকা রুটে বিমানের উচ্চ মূল্য নিয়ে সিলেটজুড়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে। এছাড়া ভাড়া কমানোর দাবিতে একাধিক কর্মসূচী পালিত হয়েছে। সিলেট-ঢাকা সড়কের দুরাবস্থার সুযোগে বিমান টিকিটের দাম অস্বাভাবিক বাড়িয়ে দেয়ায় জনদুর্ভোগ চরমে উঠে। ৩ থেকে ৪ গুণ বেশী ভাড়া দিয়ে অনেককে বিমান চড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে উদ্যোগ নেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এর প্রেক্ষিতেই ভাড়া পুণনির্ধারণ করে বিমান।





