আগামীর নেতৃত্ব নির্বাচন করতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে: ভিপি সাদেক কায়েম
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৫:৫৫:২৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র ও যুবসমাবেশে ডাকসু ভিপি সাদেক কায়েম বলেছেন, এদেশে ভারতীয় দাদাগিরি চলবেনা। সীমান্তে হত্যা চলতে দেয়া যাবেনা। দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে দেশ চলবেনা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে আগামীর নেতৃত্ব নির্বাচন করতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।তিনি শনিবার কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে নিয়ে মুনাজাত করেন ভিপি সাদেক কায়েম।ডাকসু ভিপি আরো বলেন, এই ছাত্র যুব সমাবেশে কোনো চাঁদাবাজ নেই, টেন্ডারবাজ নেই, ধর্ষক নেই। আগামীর বাংলাদেশকে চাঁদাবাজ টেন্ডারবাজমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে। এই আসনের প্রার্থী জয়নাল আবেদীন একজন যোগ্য ব্যক্তি। তাকে নির্বাচিত করে এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী আচরণ চলবেনা। দেশ চলবে জনগণের ইচ্ছায়। দাঁড়িপাল্লার প্রার্থীরা বিজয়ী হয়ে শিক্ষায় আমূল পরিবর্তনে কাজ করবেন। তিনি তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক এই আহবান জানিয়ে বলেন, ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুতে তরুণ সমাজ ইনসাফের পক্ষে রায় দিয়েছে। আগামী নির্বাচনে তরুণ সমাজসহ গোটা দেশ ইনসাফের পক্ষে রায় দেবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন ও প্রধান আকর্ষন ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম।উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাশুক উদ্দিন, ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ, সিলেট জেলা পশ্চিমের সভাপতি জুবায়ের আহমদ, সেক্রেটারি তোফায়েল আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, যুব জামায়াতের উপজেলা সভাপতি ইকবাল হোসেন ইমাদ, শিবির সভাপতি মইনুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের সভাপতি আবুল হোসেন।





