সুনামগঞ্জে কোটি টাকার রেসকিউবোট নষ্ট, সেবা বঞ্চিত হাওরবাসী
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৬:০০:১১ অপরাহ্ন

জসীম উদ্দিন, সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওরের জনগোষ্ঠীর সুবিধার্থে কোটি টাকা মূল্যের রেসকিউ বোট নষ্ট হয়ে পড়ে আছে অবহেলা-অযত্নে। কর্তৃপক্ষের উদাসীনতায় রেসকিউ বোট নষ্ট হওয়ায় কাজে আসছেনা হাওরের দুর্যোগপ্রবণ মানুষের। দ্রুত মেরামত করে হাওরবাসীর কাজে লাগানোর দাবি জানিয়েছেন হাওরবাসী।
জানা গেছে, দেশে মোট ৬০ টি রেসকিউ বোটের মধ্যে এককোটি টাকা মূল্যের দুটি রেসকিউ বরাদ্দ হয় সুনামগঞ্জে। একটি হলো সদর উপজেলা ও অন্যটি তাহিরপুর উপজেলায়। ২০২২ সালের ভয়াবহ বন্যায় এই বোটগুলো ছিল উদ্ধার তৎপরতার প্রাণ। ত্রাণ, ওষুধ ও খাদ্য নিয়ে ছুটে গিয়েছিল গ্রামের পর গ্রাম। কিন্তু আজ সেই বোটগুলো পড়ে আছে নদীর তীরে অযত্ন-অবহেলায়। ইঞ্জিন অকেজো, ছাউনি ছিঁড়ে গেছে, তলায় জমেছে কাদা ও বৃষ্টির পানি। কোটি টাকার সরকারি সম্পদ নিস্ক্রীয় ও মরিচা ধরা লোহায় পরিণত হয়েছে। বর্তমানে দুটো বোটই অচল হয়ে গেছে। নেই কোনো রক্ষণাবেক্ষণ, নেই ব্যবহারের উপযোগী।
নদীর তীরে পড়ে থাকা এই বোটগুলো যেন সময়ের সাক্ষী। মরিচা ছাপানো ধাতু, অকেজো ইঞ্জিন, ভেতরে জমে থাকা কাদা ও বৃষ্টির পানি-এখন এগুলো উদ্ধারযান নয় বরং শিশুদের খেলার জায়গায় পরিণত হয়েছে। শুকনো মৌসুমে কাদায় আটকে থাকে, বর্ষায় ভাসে অবহেলার স্রোতে।
তাহিরপুর উপজেলার বাসিন্দা আব্দুল হক বলেন, বন্যার সময় এই বোট দিয়েই মানুষ বাঁচত। এখন এগুলো কেবল মরিচা ধরা লোহা। বিপদে পড়লে আমাদের আর রক্ষা নাই।হুমায়ুন আহমদ নামের আরেকজন বলেন, দুর্যোগের সময় এই বোটগুলোই ছিল জীবনরক্ষাকারী। এগুলো সচল না থাকলে আগাম বন্যায় বড় বিপর্যয় দেখা দিতে পারে। প্রশাসনের দায়িত্বহীনতায় কোটি টাকার এই সরকারি সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসিবুল হক ডিও বলেন, বোটগুলো মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখনো বরাদ্দ পাওয়া যায়নি। এরজন্য বোটগুলো অকেজো হয়ে গেছে। বরাদ্দ পেলে মেরামতের উদ্যোগ নেয়া হবে।





