সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে শাবিতে দিনব্যাপী কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৬:০৭:৫২ অপরাহ্ন

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ‘মাল্টিমিডিয়া, ব্রডকাস্ট অ্যান্ড ফিল্ড রিপোর্টিং: অ্যা প্র্যাকটিক্যাল স্কিলস্ ট্রেনিং প্রোগ্রাম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আইকিউএসি-এর কনফারেন্স রুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহযোগিতায় এ প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড, গবেষণা ও অর্জন সঠিকভাবে তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ রিপোর্টিং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি দৃঢ় করতে সহায়তা করে।
বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তিনি বলেন, আইকিউএসি সময়োপযোগী একটি উদ্যোগ নিয়েছে। দক্ষ রিসোর্সপার্সনদের অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ও মানসম্মত সাংবাদিকতার দিকনির্দেশনা দেবে।
দিনের দ্বিতীয়পর্বে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সঠিকভাবে উপস্থাপনের ক্ষেত্রে তথ্য যাচাই, নিরপেক্ষতা ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সেই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার। উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠু এবং অধ্যাপক ড. আব্দুল হামিদ।
দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করীম নাঈম, যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন এবং ফ্রিল্যান্স সাংবাদিক ও ট্রেইনার সোলায়মান নিলয়। তাঁরা টেলিভিশন সাংবাদিকতা, মোজো সাংবাদিকতা এবং মাঠপর্যায়ের ক্যাম্পাস রিপোর্টিং বিষয়ে আলোচনা ও অভিজ্ঞতা শেয়ার করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।





