জুলাইকে নাই করে দেওয়ার চেষ্টা হচ্ছে: সাদিক কায়েম
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৭:০৭:৫১ অপরাহ্ন

শাবি প্রতিনিধি: জুলাইকে নানাভাবে নাই করে (মুছে) দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।শনিবার বিকাল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই স্মৃতি: শাবিপ্রবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, সেটা যে-ই হোক, ছাত্রদল হোক বা ছাত্রশিবির—বাংলাদেশপন্থী সবাইকে এক হতে হবে। এখন যারা আমাদের শত্রু, তাদের মোকাবিলা না করে যদি নতুন বাংলাদেশে আবারও স্পেস দেওয়া হয়, তাহলে সামনে আরও বড় ষড়যন্ত্র হবে। জুলাইকে নানা উপায়ে ছোট দেখানোর চেষ্টা চলছে। বলা হচ্ছে এটা নাকি শুধু একটা আন্দোলন, কিংবা ক্ষমতার পালাবদল।
তিনি প্রশ্ন তোলেন, জুলাই কি শুধু আন্দোলন ছিল। শুধু ক্ষমতার পালাবদল? শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য কি দুই হাজার ভাই-বোন জীবন দিয়েছে। আমাদের রুদ্রসেন কি শুধু ক্ষমতার পালাবদলের জন্য জীবন দিয়েছে। আবু সাঈদ, ওয়াসিম, শান্ত—তারা কি শুধু ক্ষমতার পালাবদলের জন্য জীবন দিয়েছে।
তিনি আরও বলেন, যারা পঙ্গু হলো, হাত-পা হারালো—তাদের বেশিরভাগই ক্লাস সিক্স, সেভেন, এইট, নাইন, টেন এবং ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। তাদের পুরো জীবন এখন অনিশ্চয়তায় পড়ে আছে। তাদের আকাঙ্খাকে ধারন করে নতুন বাংলাদেশ বিনির্মান করতে হবে।





