সিলেটের ছয় রোটারি ক্লাবের যৌথ সভা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৮:২১:২৭ অপরাহ্ন

রোটারির বৈশ্বিক থিম ‘ইউনাইট ফর গুড’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোটারি ক্লাব অব জালালাবাদের আয়োজনে সিলেটের ছয়টি রোটারি ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রোটারি হাসপাতাল মিলনায়তনে হওয়া এই সভায় সামাজিক উন্নয়ন, মানবিক সেবা এবং যৌথ প্রকল্প নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান সুব্রত চক্রবর্তী জুয়েল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান প্রিন্সিপাল ফায়জুল হক। গীতাপাঠ করেন পিপি নীরেশ চন্দ্র দাস। জাতীয় সংগীত পরিবেশনে নেতৃত্ব দেন রোটারিয়ান রিনা রানী কর্মকার। পারপাস অব দ্যা ডে বিষয়ক সূচনা বক্তব্য রাখেন পিডিজি সহীদ আহমদ চৌধুরী। রোটারি প্রত্যয় পাঠ করেন পিপি মোজাক্কির হোসেন কামালী।
সভায় উপস্থিত ছয়টি রোটারি ক্লাব একে একে তাদের বার্ষিক পরিকল্পনা ও চলমান প্রকল্প উপস্থাপন করে। রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সভাপতি রোটারিয়ান জহিরুল ইসলাম। ক্লাবের কার্যক্রম তুলে ধরেন পিপি কবিরুল ইসলাম। ক্লাবের নতুন ঘোষণা হিসেবে একটি দরিদ্র পরিবারের জন্য লো-কস্ট হাউজ নির্মাণ প্রকল্প উপস্থাপন করা হয়।
রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন থেকে সভাপতি রোটারিয়ান সেলিনা চৌধুরী সবাইকে স্বাগত জানান। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন পিপি শাহ জামাল আহমদ। সভায় ক্লাব সেক্রেটারি চলমান প্রকল্প রিপোর্ট উপস্থাপন করেন।
রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিমের সভাপতি রোটারিয়ান মোস্তফা আজাদ ক্লাবের কার্যক্রম হিসেবে সেলাই শিক্ষা, শিশুদের খৎনা কার্যক্রম এবং এক অসহায় পা-হারানো মানুষকে হুইলচেয়ার প্রদানের ঘোষণা দেন। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন রোটারিয়ান নুরুজ্জামান।
রোটারি ক্লাব অব সিলেট সানশাইনের সভাপতি আব্দুল হাসিব ক্লাবের পরিকল্পনা তুলে ধরেন। কার্যক্রম উপস্থাপন করেন পিপি ফাহিম আহমদ চৌধুরী ও পিপি এম. আসাদুজ্জামান সায়েম। বিজ্ঞপ্তি





