গোয়াইনঘাটে অর্থাভাবে মসজিদ নির্মাণ করতে পারছেন না ‘কুটরবন্দবাসী’
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৮:৪৭:৩০ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নে ছাতারগ্রাম পশ্চিমপাড়া কুটরবন্দ নামে পরিচিত একটি পাড়া। এ পাড়ায় ৩৫ বছর পূর্বে শুরু হয় লোকের বসতি। সময়ের পরিক্রমায় এই পাড়ায় এখন অর্ধশত পরিবারে অর্ধসহস্রাধীক মুসলিম নরনারী ও শিশুর বসবাস। আবাসন সঙ্কটে ১৯৯০ সনের দিকে কুটেরবন্দে লোকবসতি শুরু হয়। এখানে সকল পরিবারই নিম্নআয়ের।
১৯৯৪ সনে একবিঘা জমির ব্যবস্থা করে কোনমতে কাচা অবকাঠামো দিয়ে নির্মিত হয় মসজিদ। চলছিল কার্যক্রম। পরে ছাতারগ্রাম পশ্চিমপাড়া কুটরবন্দ জামে মসজিদ করা হয় এই মসজিদটিকে। গত ৪ চার বছর ধরে এলাকার ‘পিয়ার খাল’ নামের খালটি পশ্চিম দিকে ভাঙ্গা শুরু হলে মুসলিম পরিবারগুলো অনেকটা দিশেহারা হয়ে পড়ে। তাদের একমাত্র মসজিদ পড়ছে ভাঙ্গনের মুখে। অনেক কষ্ট আর মানুষের দানে অন্যত্র কিনা হয় মসজিদের জন্য ১৪ শতক জমি। কিছু মাটি দিয়ে ভিটা তৈরী করা হয়। পাড়ার নিম্ন আয়ের লোকদের সামর্থ্য না থাকায় নির্মিত হচ্ছেনা মসজিদটি।
পাড়ার মুরব্বি মুফিজুর রহমান মফই, ওলিউর রহমান আতিক, মুতাওয়াল্লি সাইবুর রহমানসহ লোকজন মসজিদ নির্মাণে তাদের ক্ষুদ্র প্রচেষ্টার বিষয় জানিয়ে বলেন, প্রায় আড়াইশত শিশু মসজিদে ধর্মীয় শিক্ষা গ্রহণ করছেন। পুরনো মসজিদ এখন হুমকির মুখে রয়েছে। আমরা আর্থিক অনটনে মসজিদটি নির্মাণ করতে পারছি না। আমরা দেশ বিদেশে অবস্থানরত সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। মসজিদের সহযোগিতার জন্য মুতাওয়াল্লি সাইবুর রহমানের মোবাঃ নং ০১৭৭৭৪২৪৫৬৭ এ যোগাযোগ করতে অনুরোধ জানান তারা।





