জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৬:০১:০৭ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর বিকেল সাড়ে চারটায় ভোট গণনা শুরু হয়। ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি হিসেবে শামীম আহমদ মোটরসাইকেল প্রতীকে ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে মুনিরুল ইসলাম রাজু (রাজন) পানির বোতল প্রতীকে ৪০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. বেলাল আহমদ দোয়াত-কলম প্রতীকে ৩৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মো. আল আমিন টিউবওয়েল প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. মুসলিম উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলতাব হোসেন নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সহ-সভাপতি শামীম আহমদ জানান, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই হবে আমার প্রথম অঙ্গীকার। তিনি বলেন, সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও সেবামুখী বাজার পরিচালনা কমিটি গড়ে তোলাই আমার লক্ষ্য।
পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস বলেন, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিজয়ীরা নিজ নিজ জনপ্রিয়তা দিয়েই বিজয়ী হয়েছেন।





