সিলেট রেলপথে ট্রেন দূর্ঘটনা বাড়ছে
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৭:২২:৩৮ অপরাহ্ন
সংস্কারে নেই উদ্যোগ | ২ মাসে তিন দূর্ঘটনা

স্টাফ রিপোর্টার : সিলেট-আখাউড়া রেলপথে দূর্ঘটনা বেড়েই চলছে। গত দুই মাসে এই রেলপথে তিনটি ট্রেন দূর্ঘটনার শিকার হয়েছে। সর্বশেষ গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশে পড়ে যায়। ফলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ চার ঘণ্টা পর বন্ধ ছিল। ঘনঘন দূর্ঘটনা বাড়লেও প্রাচীন এই রেলপথটি সংস্কারে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ছে না, এমনটাই বলছেন যাত্রীরা।
তথ্য বলছে, গত অক্টোবর ও নভেম্বর, এই দুই মাসে সিলেট-আখাউড়া রেলপথে তিনটি ট্রেন দূর্ঘটনার শিকার হয়েছে। ঘনঘন দূর্ঘটনার ফলে এই রেলপথে ট্রেনের গতিসীমা ঘন্টায় ৩০-৩৫ কিলোমিটারে নেমে এসেছে। গত ১লা নভেম্বর সিলেট-আখাউড়া রেলপথ সংস্কার ও নতুন ট্রেন চালুর দাবিতে লাগাতার ট্রেন অবরোধ কর্মসূচী শুরু করলে রেলের উর্ধ্বতন কর্মকর্তারা কুলাউড়ায় এসে সমস্যা সমাধানে আশ্বাস দিলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
রেল সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর মঙ্গলবার দক্ষিণ সুরমার মোগলাবাজারে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দূর্ঘটনার কবলে পড়ে। ওই দিন সকাল ৬টা ৪২ মিনিটে উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে কুলাউড়া ও সিলেট থেকে রিলিফ ট্রেন গিয়ে দূর্ঘটনা কবলিত বগিগুলো উদ্ধার করে সিলেট রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। ওইদিন সাড়ে ৩ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগযোগ স্বাভাবিক হয়। ওই দূর্ঘটনার পর চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
গত ২৭ নভেম্বর সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় ট্রেনটিতে কয়েকশ যাত্রী ছিলেন। ট্রেনটির ইঞ্জিন বিকল হওয়াতে যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে আখাউড়া থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়, যা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করে। দুপুর আড়াইটার দিকে সিলেট-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
সর্বশেষ গত শনিবার (২৯ নভেম্বর) ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। পরে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত তেলবাহী ওয়াগন ট্রেনটি উদ্ধার করার পর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা ও চট্টগ্রামগামী দুটি ট্রেন সিলেট ছেড়ে যায়। এর আগে গত ১০ মে দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর তেলবাহী খালি একটি ট্রেনও লাইনচ্যুত হয়।
জানতে চাইলে সিলেট রেলস্টেশনের ম্যানেজার মো. নরুল ইসলাম দৈনিক জালালাবাদকে বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে তেলবাহী ট্রেনটির চাকা লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে বগি উদ্ধার করে কুলাউড়ায় নিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।





