চীনের আন্তর্জাতিক সম্মেলনে শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৭:২৬:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : উচ্চশিক্ষায় আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রসারে চীনের গুয়াংঝোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। গত ২৭ ও ২৮ নভেম্বর চীনের গুয়াংঝোতে ‘ÔThe 3rd Belt and Road Chinese University and Overseas Partner Exchange Conference’ অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে ১ হাজার ৬০০ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ারসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পরিচালক ও নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এসব বৈঠকে আন্তর্জাতিক সহযোগিতা, যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ এবং উচ্চশিক্ষায় একাডেমিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য এমএস এবং পিএইচডি পর্যায়ে স্কলারশিপ ও বৃত্তির সুযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল চীন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি একাডেমিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করা।
এ সম্মেলনের আয়োজক ছিল গুয়াংজৌ মালিশা এডু কো. লি.। সহ-আয়োজক ছিলেন বেল্ট অ্যান্ড রোড চায়নিজ সেন্টার (বিআরসিসি), গুয়াংজৌ ইজি লিংক ইন্টারন্যাশনাল বিজনেস কনসালট্যান্সি কো. লি. এবং বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার।





