কোম্পানীগঞ্জে পাথর মিলের ম্যানেজারসহ ২ জনের দন্ড
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৮:০৪:১০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে ২জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। তারা হলেন- ক্রাশার মিলের ম্যানেজার রিংকু রঞ্জন দাস ও ট্রলি গাড়ির মালিক কামাল হোসেন। এছাড়াও সাদাপাথর ভাঙ্গার দায়ে ৩টি ক্রাশার মিলের পেলুডার গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ২টি ট্রলি ও ৫টি মেশিন ধ্বংস করা হয়েছে।
শনিবার রাত ও রোববার দিনে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়। শনিবার রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ওসি রতন শেখ পিপিএম এর সহযোগিতায় অভিযান চালিয়ে কলাবাড়ি এলাকায় রুবেল আহমদ এর ক্রাশার মিলের ম্যানেজার রিংকু রঞ্জন দাসকে আটক করা হয়। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের জেল দেওয়া হয়েছে।
এদিকে, রোববার বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে শাহ আরেফিন টিলা এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় ট্রলি গাড়ির মালিক কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ মাসের জেল দেওয়া হয়। এসব অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সিএ মিজানুল কবির পুলিশ বিজিবি ও আনসার সদস্যরা।
জানা যায় দীর্ঘদিন থেকে বালু পাথর উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে আসছে। কিছু দুষ্কৃতকারীদের জন্য এখনো সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হচ্ছে না। তাদের ধরতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসন।





