জালালাবাদ গ্যাসে যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৮:০৯:৫৫ অপরাহ্ন

পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম বলেছেন, জ্বালানি খাত একটি দেশের কৌশলগত ভিত্তি। এখানে কর্মরত প্রতিটি কর্মকর্তা শুধু একটি অফিসের দায়িত্ব পালন করেন না, তারা দেশের উন্নয়ন, শিল্পায়ন ও জনগণের জীবনের মানোন্নয়নে সরাসরি ভূমিকা রাখেন। তাই দায়িত্বে অবহেলা বা গাফিলতির কোনো সুযোগ নেই। আপনাদের পেশাদারিত্ব, প্রযুক্তিগত দক্ষতা, সময়ানুবর্তিতা এবং জনগণের প্রতি আন্তরিকতা এই প্রতিষ্ঠানের মান নির্ধারণ করবে। যারা নতুন চাকুরী জীবন শুরু করেছেন আপনারা সত্যিই ভাগ্যবান। আপনারা এমন একটি প্রতিষ্ঠানে যোগদান করেছেন, যে প্রতিষ্ঠানে কোন দূর্নীতি নেই। জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড জনগণের সেবার মাধ্যমেই সুনাম অর্জন করে যাচ্ছে।
রোববার সকাল ১১টায় নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) সিলেটের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে জেজিটিডিএসএল প্রশাসন ডিভিশনের আয়োজনে ৯ম ও ১০ম গ্রেডে নব যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজিটিডিএসএল সিলেটের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেন, জেজিটিডিএসএল দেশের একটি গুরুত্বপূর্ণ গ্যাস বিতরণ প্রতিষ্ঠান। নতুন কর্মকর্তারা এই প্রতিষ্ঠানে যোগদান করে শুধু চাকরিতে প্রবেশ করেননি, তারা দেশের জ্বালানি নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তাই প্রত্যেককে সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি





