মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৮:১১:১৫ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: চাকরিতে জাতীয় বেতন কাঠামোর ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেছেন। রোববার সকাল সাড়ে ৯টায় এ কর্মসূচির আয়োজন করে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখা। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে কর্মরত ও অধ্যয়নরত শিক্ষার্থীরাও কর্মবিরতিতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্যের শিকার। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পাওয়ার পরও তাদের দাবী মানা হচ্ছে না। তাই তারা দ্রুত তাদের দাবী মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অপরদিকে, নার্সদের দাবী দাওয়া নিয়ে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতিকী শাটডাউন পালন করেন। তাদের দাবী মানা না হলে আগামী ২ ডিসেম্বর সারাদেশ শাট ডাউন করার হুমকী প্রদান করেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি আহ্বায়ক কমিটি মৌলভীবাজার জেলা শাখা।





