বালুর ট্রাক থেকে ৩১ লাখ টাকার ভারতীয় জিরাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৮:৩১:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই জিরাসহ দুই যুবককে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে এসএমপির শাহপরান থানাধীন দাসপাড়া এলাকায় একটি বালুবাহী ট্রাকে তল্লাশী চালিয়ে ১২৮ বস্তা ভারতীয় জিরাসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭২ হাজার টাকা।আটককৃতরা হলেন- জৈন্তাপুর থানাধীন কমলাবাড়ী নিজপাট গ্রামের আব্দুন নুরের ছেলে আব্দুল হাসান (৩০) ও গোয়াইনঘাট থানাধীন লাফলাউট গ্রামের আব্দুল বারীর ছেলে পারভেজ আহমদ (২৭)।রোববার (৩০ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ডিবি পুলিশের অভিযানে চোরাই জিরা বহনকারী ট্রাক (সিলেট-ট-১১-০৭০২) এবং ২ চোরাকারবারিকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রোববার (৩০ নভেম্বর) আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।





