জৈন্তায় পিস্তলসদৃশ ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৮:৩৫:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে আবর্জনার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলসদৃশ দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সিলেট, র্যাব-৯। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে জৈন্তাপুর থানাধীন লক্ষীপ্রসাদ ফেরিঘাটের রশিদ ফিল্ড খেলার মাঠসংলগ্ন একটি ক্লাব ঘরের বারান্দায় রাখা আবর্জনার স্তূপ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র দুটি উদ্ধার করে র্যাব।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ। জব্দ করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের র্যাবের বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
র্যাব সূত্র জানায়, প্রাথমিক পর্যালোচনায় ধারণা করা হচ্ছে—অস্ত্রগুলো নাশকতা বা অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এবং সাহসী অভিযানের মাধ্যমে সম্ভাব্য পরিকল্পনা ভণ্ডুল করা সম্ভব হয়েছে।





