কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুলের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৭:২৪:০২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি….রাজিউন)। সোমবার বেলা ১০টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ১ ছেলে-১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাফিজুল হক গত ২৭ নভেম্বর মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের আব্দুল লতিফ (চানু মিয়া) এর ছেলে। হাফিজুল হক সিলেট এমসি কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স ও ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি আবৃত্তিকার ও ছড়াকার ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন।
এদিকে, হাফিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন হাফিজুল হকের মৃত্যুতে প্রেসক্লাবের অপূরনীয় ক্ষতি হয়েছে। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।





