দেড় বছরেও ভোটার হননি তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৮:৫০:০৩ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রায় দেড় বছর হতে চললেও এখনো দেশে ভোটার হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও বগুড়া-৬ আসনে দলীয় প্রার্থী হিসেবে তাঁকে মনোনীত করেছে বিএনপি। কিন্তু এখনো তিনি দেশে না আসায় এবং ভোটার না হওয়ায় তারেক রহমানের নির্বাচন করা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে সংশয় বিরাজ করছে। তবে ইসি বলছে, তারেক রহমান ভোটার হওয়ার আবেদন করলে বিশেষ বিবেচনায় নির্বাচন কমিশন অনুমোদন দিলে তিনি নির্বাচন করতে পারবেন।
ইসির তথ্য বলছে, যারা চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার তালিকায় নাম লিখিয়েছেন, তারাই আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন এবং ভোট দিতে পারবেন। তবে ভোটার হওয়ার প্রক্রিয়া ও কার্যক্রম অব্যাহত থাকবে। ইসির সেই নিয়ম অনুযায়ী ভোটার না হওয়ায় তারেক রহমান নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, এটাই স্বাভাবিক নিয়ম। তবে নির্বাচন কমিশন (ইসি) অনুমতি দিলে তিনি তা করতে পারবেন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, ১৬ বছর ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের নাম ভোটার তালিকায় আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, না। তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশন যদি অনুমতি দেয়, তবে তিনি পারবেন।





