খালেদা জিয়ার চিকিৎসায় চীনা মেডিকেল টিম এভারকেয়ারে
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৯:২১:৫৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চীনের ৫ সদস্যের মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছেন। সোমবার দুপুরে তারা ঢাকায় পৌঁছান। পরে বিকেল ২টা ৫০ মিনিটে বিশেষজ্ঞরা এভারকেয়ারে প্রবেশ করেন।
জানা গেছে, দেশের মেডিকেল বোর্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজে এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হলে এবং মেডিকেল বোর্ড পরামর্শ দিলে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে। তিনি এও জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে সার্বক্ষণিক খোঁজখবর রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এভারকেয়ার হাসপাতাল এলাকায় অতিরিক্ত ভিড় না করার জন্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। কেননা, হাসপাতালের পরিবেশ শান্ত রাখা হলে খালেদা জিয়াসহ সকল রোগীর চিকিৎসা নির্বিঘ্ন হবে।





