মাধবপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ ১১ পুলিশ আহত, গ্রেফতার ২১
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৭:২০:১২ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ ১১ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মাধবপুর থানায় পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে। সোমবার ভোররাতে পুলিশ নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করে।
থানার এসআই পাভেল আহম্মেদ বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও এক হাজার জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা রুজু করেন। গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেলে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন।
রোববার দুপুরে নোয়াপাড়া বাজারে ব্যাঙ্গা ডোবা ও ইঠাখোলা গ্রামের লোকজনের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। দুই গ্রামের কয়েক হাজার মানুষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাজারে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে গেলে ইটপাটকেলের আঘাতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যাসহ ১১ পুলিশ সদস্য আহত হন।
এ সময় মাধবপুর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়েও পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হলে শাহজীবাজার সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এদিকে, পুলিশ অ্যাসল্ট মামলায় ২১ জন গ্রেপ্তারের খবরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার এড়াতে শত শত মানুষ গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। অনেক বাড়িঘর এখন পুরুষশূন্য হয়ে পড়েছে।





