সিলেটে নির্ধারিত দামে মেলে না এলপিজি গ্যাস
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৮:১১:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে কোথাও নির্ধারিত দামে মেলে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। বাজারে এলপিজি ব্যবসায়ীদের কারসাজির কারণে নির্ধারিত দামের চেয়ে দেড়শ থেকে ২শত টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। ফলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারণ করা দামের চেয়ে বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। সিন্ডিকেট করে ভোক্তাদের পকেট কাটছে এই অসাধু ব্যবসায়ীরা।
যদিও বাজারে এলপি গ্যাসের অতিরিক্ত দাম রাখার অভিযোগ বেশ পুরনো। কিন্তু এমন অভিযোগের সুরাহা নেই যুগের পর যুগ ধরে। ভোক্তারা বলছেন, সংশ্লিষ্ট কমিশনে অভিযোগ করেও মিলছে না সুফল। ক্রেতারা বলছেন, প্রতি মাসেই বিইআরসি এলপিজির নতুন দাম ধরে দেয়। কিন্তু দোকানে গেলে আর ওই দামে পাওয়া যায় না। এমন দাম ঘোষণা নিষ্প্রভ।
ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ, পাইকারি পর্যায়ে পর্যাপ্ত সরবরাহ না থাকা এবং ডিলারদের কমিশন কমে যাওয়ায় তারা নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না। ভোক্তারা বলছেন, দাম কমার সুফল ভোক্তাদের হাতে পৌঁছাতে হলে বাজার তদারকি জোরদার করতে হবে এবং বিতরণব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে। এলপিজি খাতটি এখনো পুরোপুরি নিয়ন্ত্রিত নয়, ফলে অনিয়মে ভোক্তাদের ভুগতে হচ্ছে।
এদিকে গতকাল মঙ্গলবার ডিসেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৩৮ টাকা। ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৫৩ টাকা, যা মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২১৫ টাকায়। এছাড়া সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৩০৫ টাকা, ১৫ কেজির এক হাজার ৫৬৬ টাকা, ১৬ কেজির এক হাজার ৬৭১ টাকা, ১৮ কেজির এক হাজার ৮৮০ টাকা, ২০ কেজির দুই হাজার ৮৮ টাকা, ২২ কেজির দুই হাজার ২৯৮ টাকা, ২৫ কেজির দুই হাজার ৬১০ টাকা, ৩০ কেজির তিন হাজার ১৩৩ টাকা, ৩৩ কেজির তিন হাজার ৪৪৬ টাকা, ৩৫ কেজির তিন হাজার ৬৫৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম চার হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ভোক্তাপর্যায়ে এক টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়।
জানা গেছে, নভেম্বর মাসে নির্ধারিত ১ হাজার ২১৫ টাকায় সিলেট নগরীর কোথাও মেলেনি ১২ কেজির এলপিজি গ্যাস। প্রতিটি ১২ কেজির বোতল ১৩৫০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া ওমেরা ও বেক্সিমকোর গ্যাস আরও বাড়তি ৫০ টাকা দামে অর্থাৎ ১৪০০ টাকায় বিক্রি করেন ব্যবসায়ীরা।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে এখনো ১২ কেজির একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়। অনেক জায়গায় ডেলিভারিসহ মূল্য দাঁড়াচ্ছে আরও বেশি। তবে এ মাসে দাম আরও ৩৮ টাকা বাড়ায় সেটার মূল্য গিয়ে দাঁড়াবে ১৪৫০ থেকে ১৫০০ টাকায়।
নগরীর মেজরটিলা পূরবী আবাসিক এলাকার বাসিন্দা শাকিলা বেগম বলেন, নভেম্বর মাসে ১২ কেজির এলপিজি গ্যাসের দাম ১ হাজার ২১৫ টাকা হলেও ১ হাজার ৩৫০ টাকা দিয়ে কিনতে হয়েছে। তিনি বলেন, আমি শাহপরানের একটি দোকান থেকে গ্যাস কিনি। কোনো মাসেই বিইআরসির নির্ধারিত দামে গ্যাস কিনতে পারিনি। নগরীর গুয়াবাড়ি এলাকার বাসিন্দা মো. বেলাল উদ্দিন বলেন, চলতি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫৩ টাকা, কিন্তু আপনি বাজার ঘুরে কোথাও এই দামে পাবেন না। আমাদের বাধ্য হয়ে বেশি দামে কিনতে হয়। এটা বাজারের নিয়মিত চিত্র। নগরীর এলপিজি ব্যবসায়ী আহমেদ জায়গীরদার বলেন, আমরা নির্ধারিত দামে কিনতে পারছি না। এছাড়া হোম ডেলিভারীর খরচও রয়েছে। সবমিলিয়ে একটু বাড়তি দামে বিক্রি করতে হয়।





