দক্ষিণ সুরমায় ভারতীয় পেঁয়াজসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৯:০৭:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে সোমবার (১ ডিসেম্বর) রাতে রশিদপুরে চেকপোস্ট বসিয়ে পেঁয়াজ বহনকারী দুটি পিকআপ থেকে ১২০ বস্তা ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ওলীপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মহরম আলী (২৫), একই জেলার কমলগঞ্জ থানার জালালপুর এলাকার খালিছ মিয়ার ছেলে সাইফুল আলম (৩৪) ও শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকার আলফু মিয়ার ছেলে মিজান মিয়া (১৯)।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।





