ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মৃত্যুর ঘটনায় চালক আটক
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৯:১১:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জালালাবাদ থানা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন আসামী এক ট্রাক চালককে আটক করেছে র্যাব-৯। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম বুরহান উদ্দিন (৪২)। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ এলাকার বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, গত ২ নভেম্বর বিকেলে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে মোটরসাইকেলযোগে সিলেট শহরে রওনা হন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা সাইদুর রহমান (২৩) ছিলেন। তার সঙ্গে ছিলেন বন্ধু হাসান (২২)। হাউসা এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে সুনামগঞ্জগামী মুরগির খাবারবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান সাইদুর রহমান। বন্ধু হাসান ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি লামাকাজী সেতুর ওপর ফেলে রেখে চালক পালিয়ে যায়।
ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে ট্রাক চালককে আটক করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জালালাবাদ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





