ওসমানী মেডিকেলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৬:১১:৩৯ অপরাহ্ন

‘অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০১৫ উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, বুধবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে সকাল ৯টায় বেলুন উড়ানো এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান।
শোভাযাত্রা শেষে কলেজের সভাকক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের রেজিস্ট্রার ডা. চৌধুরী জাবির হোসেন তানিম এবং সভাপতিত্ব করেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ আহমদ শাহীন, ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. এম. জামান, বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের সাধারণ সম্পাদক ডা. এ. কে. আজাদ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ. এস. এম. মাইনুল হাসান।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীতা ও শারীরিক অসামর্থ্য দূরীকরণে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন চিকিৎসার গুরুত্ব অত্যন্ত ব্যাপক। বাত, ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন স্নায়ুরোগ নির্ণয় ও পুনর্বাসনে এই বিশেষায়িত চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা অপরিসীম। ওষুধের পাশাপাশি ব্যায়াম ও ফিজিক্যাল থেরাপির সমন্বিত চিকিৎসা রোগীদের দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে।
পরে আলট্রাসাউন্ড বিষয়ে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চিকিৎসক, শিক্ষক, ফিজিওথেরাপিস্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি





