শ্রীমঙ্গলে দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৬:১৯:৩৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের সরকারবাজার সংলগ্ন রশ্নি পলিফাইবার কোম্পানির ভিতরে কাজের সময় ফর্কলিফটের নিচে চাপা পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারী শ্রমিকের নাম মার্জিয়া বেগম (৩৮), তার স্বামী মো. আকরাম মিয়া। তিনি ২নং ভুনবীর ইউনিয়নের তেপাড়া গ্রামের বাসিন্দা। তার ৫ ছেলে এবং ১ মেয়ে রয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। গ্রামবাসীরা জানান, অভাবের তাড়নায় নারী শ্রমিক হিসাবে রশ্নি পলিফাইবার কোম্পানিতে যোগদান করেন তিনি।
ফ্যাক্টরির শ্রমিকরা জানান, ফর্কলিফটের চালকের অসচেতনতার কারণে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফর্কলিফটটি মার্জিয়া বেগমের ওপর উঠে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর মুহূর্তেই কারখানায় চিৎকার ও আহাজারি শুরু হয়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, কারখানার ভিতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। এছাড়া ফর্কলিফট চালকের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের বিষয়েও প্রশ্ন তুলেছেন তারা। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা নিহতের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং ভবিষ্যতে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হবে।





