নগরীতে যুবকের মরদেহ উদ্ধার, আটক ১
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৮:৪৯:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কুয়ারপাড় এলাকা থেকে রাজু আহমদ (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে কুয়ারপাড় এলাকার ইঙ্গুলাল রোডের ৪৯/২ নং বাসা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক নরসিংদী জেলার বাগদি গ্রামের মৃত ইয়ার হোসেনের ছেলে। এসময় স্থানীয় লোকজন পাপ্পু নামের আরেক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবককে আটক করে।
পুলিশ জানায়, খবর পেয়ে নগরীর কুয়ারপাড় এলাকার ইঙ্গুলাল রোডের ৪৯/২ নং বাসায় যায় এসএমপির কোতোয়ালি থানার একদল পুলিশ। বাসায় গিয়ে ঘরের ভেন্টিলেটর সাথে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ দেখতে পায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি এস এম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।





