নভেম্বরে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৮:৫০:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গেল নভেম্বর মাসে সিলেট বিভাগের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কম হলেও সিলেট জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। তবে এই মাসে আগের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা কমেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিহতের মধ্যে ৯ জন পথচারী রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায়। সবচেয়ে কম দূর্ঘটনা ঘটেছে মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায়।
নভেম্বর মাসে সিলেট জেলায় ১৮টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৬ জন আহত, মৌলভীবাজার জেলায় ১টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত, সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নভেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৪ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী, ৪ জন চালক ও ৯ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ২টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া নভেম্বর মাসে নিহত ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ২ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে গত অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ১১০ জন আহত হন।
নিসচার সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু বলেন, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।





