দক্ষিণ সুরমায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৮:৫২:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারের ভরাউট এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ভরাউট পুলিশ ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারের ভরাউট এলাকায় জগন্নাথপুর রুটের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসের ১০জন যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করলে বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।





