শিল্পায়নের মাধ্যমেই সিলেটের বেকারত্ব কমিয়ে আনা হবে: খন্দকার মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৬:১৮:৫২ অপরাহ্ন

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রবাসী অধ্যুষিত সিলেটে বেকারত্বের হার খুবই বেশি। দোকাননির্ভর এখানকার কর্মসংস্থান। শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পায় না। মেয়েরা সিলেটের বাইরে চাকরির জন্য যায় না কিংবা পরিবার দিতে চায় না। যার জন্য সিলেটে ক্রমেই বেকারত্বের হার বাড়ছে। এমতাবস্থায় সিলেটে কর্মসংস্থান বাড়াতে হবে। এভাবেই কথাগুলো বলছিলেন। তিনি বলেন, আল্লাহ যদি সুযোগ দেন তাহলে শিল্পায়ন গড়ে তোলার মাধ্যমেই সিলেটের বেকারত্ব কমিয়ে আনা হবে। বুধবার ও বৃহস্পতিবার পৃথক নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি।
বুধবার রাত ৯টায় মহানগরীর ৮ নং ওয়ার্ড পল্লবী পনিটুলা আবাসিক এলাকার সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এবং রাত সাড়ে ১০ টায় ২৭ নং ওয়ার্ডে নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
স্থানীয় প্রবীণ প্রদীপ ঘোষ এর সভাপতিত্বে এবং আজিজ খান সজিব এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি ও হিন্দু ধর্মীয় ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন (বাপ্পু), হিন্দু ধর্মীয় ট্রাস্টের সাবেক ট্রাস্টি নিহাক রঞ্জন দাস, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এ্যাষ এবং অনুষ্ঠানে গিতা পাঠ করেন নারায়ন দে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে জোহর পর্যন্ত খন্দকার মুক্তাদির জিন্দাবাজারের প্ল্যানেট আরাফ, কাজী ম্যানশন, লতিফ সেন্টারসহ বিভিন্ন মার্কেটে গণসংযোগ করে সিলেটের ব্যবসায়ীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি





