হবিগঞ্জ থেকে জাতীয় গ্রিডে আরও ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৯:০৭:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নং কূপ এবং বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭ কূপ থেকে আরও ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ফলে দেশের গ্যাস সংকট আরও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের অধীন কৈলাসটিলা-১ কূপের ওয়ার্কওভার কাজ আজ শুক্রবার শেষ হজবে। ওই কূপ থেকে আরও প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের মধ্যেই আরও তিনটি কূপ সিলেট ১০ এক্স, সিলেট ১১ এবং শ্রীকাই ৫-এর খনন কাজ শেষ হওয়ার কথা। এছাড়া আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বাপেক্স বিয়ানীবাজার ২ এবং সেমুতাং ৬ কূপের ওয়ার্কওভার সম্পন্ন হবে। সব কূপের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে সিলেট অঞ্চল থেকে জাতয়ি গ্রিডে বিপুল পরিমাণ গ্যাস যুক্ত হবে।
জানা গেছে, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭ কূপের ওয়ার্কওভার’ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের কূপ ৫ পুন:খনন কাজ গত বুধবার (৩ ডিসেম্বর) সফলভাবে শেষ হয়েছে। এই কূপ থেকে গতকাল থেকে দৈনিক প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
পেট্রোবাংলা জানায়, ওয়ার্কওভার কাজটি সম্পন্ন হয় বাপেক্সের ‘বিজয় ১১’ রিগ ব্যবহার করে। কূপটি আগে দৈনিক প্রায় ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস দিতেও অতিরিক্ত পানি ও বালু ওঠার কারণে উৎপাদন বাধাগ্রস্ত ছিল। পুনর্গঠন শেষে কূপটিতে এখন ড্রাই গ্যাস।





