বাফুফের নজরে সিলেট স্টেডিয়াম
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৯:৪০:১৫ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে ঢাকার জাতীয় স্টেডিয়ামের পুরনো ছবিটা বদলে গেছে। সংস্কারকৃত স্টেডিয়ামে খেলোয়াড়-দর্শকদের জন্য নানা সুযোগ-সুবিধা যুক্ত হয়েছে। তবে ঢাকার বাইরের মাঠগুলো এই মানের ম্যাচ আয়োজনের জন্য এখনো পুরো তৈরি নয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর মধ্যে বিভাগীয় পর্যায়ে আটটি স্টেডিয়াম বরাদ্দ পেয়েছে সরকার থেকে।এই স্টেডিয়ামগুলোকে এখন পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানের করার চেষ্টা বাফুফের। প্রথমেই সিলেট স্টেডিয়ামে নজর দিচ্ছে তারা।
বুধবার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায়ই সিলেট জেলা স্টেডিয়ামটি আধুনিকায়ন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে যে আটটি স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য আমরা সিলেট স্টেডিয়ামকে বাছাই করেছি।
সিলেট স্টেডিয়ামে যাতে আন্তর্জাতিক ম্যাচ হতে পারে, সেটার উপযুক্ত করার জন্য আমরা ফিফার কাছে সর্বাত্মক সহযোগিতা চাইব’, সভা শেষে জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম। এর আগে সিলেটে বিশ্বকাপ বাছাই পর্ব ও এশিয়ান বাছাই ম্যাচ আয়োজনের চিন্তা করেও বাফুফে এগোতে পারেনি অবকাঠামোগত সমস্যায়। সিলেটের মাঠ ও ফ্লাডলাইট মূল সমস্যা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামও বাফুফে বরাদ্দ পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। তবে সেখানে এখনো কোনো ম্যাচ আয়োজন করতে পারেনি তারা।





