মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৮৩ অভিবাসী
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ৮:৪১:১৬ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার দুই রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ৮৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে।
বৃহস্পতিবার, জোহর রাজ্যের টামান পেলাঙ্গি ও টামান মোলেক এলাকায় পরিচালিত ‘অপস সেলেরা’ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৪৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে। জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, অভিযানে জোহর ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল অংশ নেয়। অভিযানকালে বিদেশি শ্রমিকের নথিপত্র, নিয়োগদাতার রেকর্ড, ভ্রমণ দলিল ও কাজের পারমিট যাচাই করা হয়। এর মধ্যে মিয়ানমারের ১৩ জন পুরুষ ৩ জন নারী, ইন্দোনেশিয়ার ৫ জন পুরুষ ১২ জন নারী, পাকিস্তানের ২ জন পুরুষ, ভারতের ৩ জন পুরুষ ও নেপালের ৫ জন পুরুষ। আটকদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। এছাড়া বিদেশি শ্রমিককে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে চারজন স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে।
তিনি বলেন, অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ ও আশ্রয়দানকারী ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অভিযান পরিচালিত হয় এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ছাড় ছাড়াই ব্যবস্থা গ্রহণ করা হবে।জোহর ইমিগ্রেশন বিভাগ নিশ্চিত করেছে, অবৈধ অভিবাসন রোধ ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।
অন্যদিকে, একই দিনে নেগেরি সেম্বিলানে ইমিগ্রেশন বিভাগের আরেক অভিযানে একটি নির্ধারিত বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা থেকে ৪১ জন অবৈধ অভিবাসী আটক হয়েছে। অভিযানে মোট ১২০ কর্মীকে যাচাই করা হয়।
ইমিগ্রেশন পরিচালক কেনেথ তান আই কিয়াং জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিকসহ ৪১ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন, বাংলাদেশের ৩৬ জন, নেপালের ২ জন, পাকিস্তানের ৩ জন।





