বিএনপির প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ ১২ দলীয় জোট
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ৯:০১:০৮ অপরাহ্ন

জালালাবাদা ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ১২ দলীয় জোট। আগামী সোমবার (৮ ডিসেম্বর) ১২ দলীয় জোট জরুরি সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানাবে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) ১২ দলীয় জোটের সভা শেষে ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ কথা জানান।
জোটের পক্ষ থেকে জানানো হয়, সভায় শরিক দলের নেতৃবৃন্দ তাদের সাথে কোন আলোচনা না করে প্রার্থী ঘোষণায় বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন। নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিকদের সাথে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনের যে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই ২৭২টি আসনে মনোনয়ন ঘোষণার মাধ্যমে প্রতিশ্রুতির বরখেলাপ করা হয়েছে। এ বিষয়ে ভবিষ্যৎ রাজনীতি ও করণীয় সম্পর্কে আগামী সোমবার (৮ ডিসেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বক্তব্য প্রদান করা হবে।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু ও সিনিয়ার ভাইস চেয়ারম্যান এম এ বাসার, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, মহাসচিব ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব সারোয়ার আলম, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম ও ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব ইলিয়াস হোসেন প্রমুখ




