মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশিসহ ৮৪৩ অভিবাসী আটক
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ৬:১০:১২ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান। এরই ধারাবাহিকতায় দেশটির সেলাঙ্গর রাজ্যের সেলায়াং বারেরু এলাকায় অবৈধ অভিবাসীদের প্রবেশ ও বসবাসের বিরুদ্ধে বৃহৎ অভিযান চালানো হয়েছে। শনিবার রাত ৮টার দিকে সেলাঙ্গর রাজ্য নিরাপত্তা পরিষদের সমন্বয়ে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন সেলাঙ্গরের মেন্তরি বেসার সেরি আমিরুদ্দিন শারি।
রোববার কসমো অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহৎ পরিসরের এ অভিযানে যুক্ত ছিল অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, শ্রম বিভাগ, জাতীয় মাদক বিরোধী সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থা।
অভিযানে মোট ১ হাজার ১১৬ জনের নথিপত্র পরীক্ষা করে ৮৪৩ জনকে আটক করা হয়, যার মধ্যে ৩৫ জন নারী। আটক ব্যক্তিদের নাগরিকত্বের তালিকায় রয়েছে- মিয়ানমারের ৬৪৭, নেপালের ১০২, বাংলাদেশের ৭৯, ইন্দোনেশিয়ার ১৫ ও ভারতের ১০ জন। আটককৃতদের বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে পরিচয়পত্রহীনতা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় অবস্থান এবং অবৈধ কার্ড ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি, সেলাঙ্গর পুলিশ প্রধান দাতুক শাজেলি কাহার এবং সেলাঙ্গর অভিবাসন পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন।
আমিরুদ্দিন শারি জানান, এলাকায় বিদেশি নাগরিকদের আধিক্য এবং অবৈধ ব্যবসা পরিচালনার বিষয়ে জনঅভিযোগ পাওয়ার পর কঠোর এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, স্থানীয় নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসী নিয়োগ না করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আইন না মানলে মালিক-কর্মীসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





